সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এমপির হঠাৎ অভিযান, অনুপস্থিত অনেক কর্মকর্তা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এমপির হঠাৎ অভিযান
expand
কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এমপির হঠাৎ অভিযান

ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসেই কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। পরিদর্শনকালে দপ্তরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জাতীয় পতাকা উত্তোলনে বিলম্ব এবং অফিসের অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যান। এ সময় বিভিন্ন শাখা ঘুরে দেখার পাশাপাশি উপস্থিতি খাতা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁর দাবি, নির্ধারিত কর্মঘণ্টা শুরু হওয়ার পরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসে পাওয়া যায়নি।

সংসদ সদস্য বলেন, পরিদর্শনের সময় চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তাকে অনুপস্থিত পাওয়া যায়। একই সঙ্গে অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া এবং কিছু কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশ তাঁর নজরে আসে।

তিনি আরও অভিযোগ করেন, তাঁকে দেখে কয়েকজন কর্মচারী তড়িঘড়ি করে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এমনকি কয়েকজনকে ঈদের আগের একাধিক কর্মদিবসের স্বাক্ষর একসঙ্গে করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

বিষয়টিকে সরকারি সেবার মান ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে সংসদ সদস্য বলেন, দায়িত্বে অবহেলা কিংবা অনিয়মের কোনো সুযোগ নেই। এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল হক বলেন, প্রাক্কলনিক কর্মকর্তা তারেক মোল্লা ছুটিতে রয়েছেন। তিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং পরিদর্শনের সময় অফিসে আসার পথে ছিলেন। জাতীয় পতাকা সময়মতো উত্তোলন না হওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সরকারি অফিসে উপস্থিতি ও সেবার মান নিয়ে এ ঘটনাটি স্থানীয় প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন