মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম
কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরে সংঘর্ষে আহত ১০
expand
কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরে সংঘর্ষে আহত ১০

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকেলে ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে নাফিস আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অধ্যক্ষের কক্ষে গিয়ে বিচার দাবি করেন। অধ্যক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও তাৎক্ষণিক বিচার দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবে এ ঘটনায় দুই সংগঠনের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ছাত্রদলের দাবি, এটি মূলত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিরোধ, যার সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে ছাত্রশিবিরের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

ছাত্রদল নেতা ইমন আহমেদ বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে হলের দুইজনের কথা কাটাকাটি থেকে ঘটনাটি শুরু হয়। অন্যদিকে ছাত্রশিবির নেতা হাসান আহমেদ বলেন, আমাদের এক কর্মীকে মারধরের বিচার চাইতে গেলে উল্টো আমাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাজারুল ইসলাম জানান, বিকেলের একটি থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, “তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তার আগেই সংঘর্ষ শুরু হয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup