

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্যাস বিস্ফোরণ প্রতিরোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সোমবার (২ মার্চ) কুমিল্লায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে জব্দ করা ৫৮১টি অবৈধ সংযোগে ব্যবহৃত অনিবন্ধিত ও মানহীন রেগুলেটর ধ্বংস করা হয়। কর্মকর্তাদের উপস্থিতিতে রোলার দিয়ে চাপ দিয়ে এসব রেগুলেটর গুঁড়িয়ে দেওয়া হয়।
কোম্পানির সূত্র জানায়, এর আগে গত বছরের অক্টোবরেও প্রায় সাড়ে চার হাজার অনিবন্ধিত রেগুলেটর ধ্বংস করা হয়েছিল। এ বিষয়ে বাখরাবাদের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী সোলাইমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মানহীন রেগুলেটর ধ্বংস করায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঝুঁকি কমবে। এতে বৈধ গ্রাহকদের লাইনে গ্যাসের চাপও বাড়বে। বর্তমানে কোম্পানির ৩০টি মনিটরিং দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।
কর্মকর্তারা জানান, সম্প্রতি কিছু অসচেতন ব্যক্তি বাজার থেকে নিম্নমানের রেগুলেটর কিনে বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব অনিরাপদ সংযোগ থেকে বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনাও ঘটছে। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাখরাবাদ।
অভিযান ও ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (বিপণন) মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব আলম সিদ্দিকী এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বনী ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
মন্তব্য করুন