

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ত সড়কে বাস থেকে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গেল এক মায়ের জীবন। তাঁর কোলে থাকা পাঁচ বছর বয়সী শিশুটিকেও আর বাঁচানো যায়নি। কুমিল্লার চান্দিনায় বাসচাপায় নিহত হয়েছেন ওই নারী ও শিশু।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ এলাকায়, ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা পাপিয়া সার্ভিস নামের একটি লোকাল বাস থেকে ওই নারী তাঁর শিশুকে কোলে নিয়ে নামছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ পরিবহনের একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
