মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো—আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারাঙ্গা এলাকার বাসিন্দা হাফেজ মো. ইউনুসের মেয়ে।

কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভূট্টো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেফজখানায় চাকরির সুবাদে মো. ইউনুস পরিবার নিয়ে কলাউজান ইউনিয়নের খালাসির পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, দুপুরের পর দুই বোন বাসার অদূরে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে তার পায়ে একজনের মরদেহের স্পর্শ লাগে। বিষয়টি বুঝতে পেরে তিনি পানিতে খোঁজ করে দুই বোনের মরদেহ উদ্ধার করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এজাজুল হক সিহাব দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, এ বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন