

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি সমুদ্র সৈকত এলাকায় দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে ৮ জনই পর্যটক।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
আহত পর্যটকদের মধ্যে রয়েছেন শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)। তারা সবাই ঢাকার University of Information Technology and Sciences (UITS)-এর শিক্ষার্থী। গুরুতর আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন পর্যটক একটি দোলনায় বসলে সেটি ভেঙে যায়। এ নিয়ে স্থানীয় দোকানদারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
অন্যদিকে, আহত এক শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের দুই বন্ধুকে একা পেয়ে স্থানীয় কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। পরে অন্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এ সময় কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তারা। যদিও পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।