

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবারও পানিতে ডুবে হুমায়রা (৬) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুরের পানিতে ডুবে মোট পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে, যা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বরৈয়াঢালা ইউনিয়নের পূর্ব বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা প্রবাসী মোহাম্মদ আলমগীরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুমায়রা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর প্রায় দুই ঘণ্টা পরে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, রোববার সকাল ১১টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় পুকুরে ডুবে তিন বছর আট মাস বয়সী তাইফুল ইসলাম ইসবাতের মৃত্যু হয়। শনিবার দুপুরে একই উপজেলার বরৈয়াঢালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আরিজা বিনতে সোহেল (৩) নামে আরেক শিশুর প্রাণহানি ঘটে।
এছাড়া শুক্রবার বিকেলে কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় রেললাইন সংলগ্ন কলোনিতে পুকুরে ডুবে মারা যায় আবদুল্লাহ (৪) ও সীমা আক্তার (৯) নামে দুই শিশু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, গত চার দিনে বরৈয়াঢালা, কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ধরনের অপমৃত্যু রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের কখনোই একা জলাশয়ের পাশে খেলতে দেওয়া উচিত নয়। বাড়ির আশপাশের পুকুর বা জলাশয় ঘিরে রাখা এবং ছোটবেলা থেকেই শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য করুন