রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেলমেট-কাগজপত্র ছাড়া মিলছে না তেল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রশাসন।
expand
চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রশাসন।

দেশের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রশাসন। এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। তবে একই নিয়ম ডাম্পার গাড়ির ক্ষেত্রে মানা না হওয়ায় উঠেছে সমালোচনার ঝড়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের মেসার্স হাজী নুরুল ইসলাম ফিলিং স্টেশনে সহকারী কমিশনার (ভূমি) মং এছেন পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। এসময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও চালকের হেলমেট যাচাই করে তবেই জ্বালানি দেওয়া হয়। যাদের প্রয়োজনীয় কাগজপত্র বা নিরাপত্তা সরঞ্জাম ছিল না, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে পেট্রোলপাম্পে মোটরসাইকেলের চাপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক গ্রাহক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে সড়কে শৃঙ্খলা ফিরবে, অবৈধ যানবাহনের চলাচল কমবে এবং জ্বালানির অপচয় রোধ হবে।

তবে বাস্তব চিত্রে রয়েছে ভিন্নতা। অভিযোগ উঠেছে, মোটরসাইকেলের ক্ষেত্রে কঠোরতা থাকলেও কিছু ডাম্পার গাড়ির ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করা হচ্ছে না। কাগজপত্র যাচাই ছাড়াই এসব যানবাহনে জ্বালানি সরবরাহের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় এক ফেসবুক ব্যবহারকারী আবুবক্কর মন্তব্য করেন, “ডাম্পার গাড়ির ক্ষেত্রেও যদি একই নিয়ম কার্যকর করা হতো, তাহলে অবৈধ মাটি কাটা অনেকটাই বন্ধ হয়ে যেত।”

এদিকে, উপজেলার শাহপীর ফিলিং স্টেশনেও থানা পুলিশের তত্ত্বাবধানে মোটরসাইকেলে তেল সরবরাহ করতে দেখা গেছে, যেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন গ্রাহকরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, জ্বালানি সংকট মোকাবিলা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার সব পেট্রোলপাম্পে এ নিয়ম কার্যকর করা হয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।” সড়কে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন