বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙা সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে স্বস্তি ফিরালেন যুবকরা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:৪৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর এলাকায় দীর্ঘদিনের অবহেলায় ভেঙে পড়া একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে স্থানীয় যুবকদের নিজস্ব উদ্যোগে সংস্কার করা হয়েছে। প্রশাসনিক উদাসীনতার কারণে দীর্ঘদিন দুর্ভোগ পোহানোর পর এই উদ্যোগে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

মঙ্গলবার (৫ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর থেকে নবুরকান্দি যাওয়ার পথে রহিমার বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ বড় বড় গর্তে ভরে গেছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই এলাকার যুব সমাজ নিজ উদ্যোগে এগিয়ে আসে।

উদ্যোগের নেতৃত্ব দেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মকশেদ আলী। তার সঙ্গে ছিলেন শ্রমিকদল নেতা আমিনুল হক মিজি, জাহাঙ্গীর কাজী, নাজমুল মোল্লা, শরীফ প্রধান, মোস্তফা মাঝি ও সেলিম মোল্লা। তারা সম্মিলিতভাবে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ইটের খোয়া ও বালু ফেলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।

এলাকাবাসী জানান, এই সড়কটি সংস্কারের ফলে এখন চলাচলে অনেকটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারছে।

স্থানীয়দের ভাষ্য, যেখানে কর্তৃপক্ষ ব্যর্থ, সেখানে যুবকরাই এগিয়ে এসেছে, এমন মানবিক ও স্বতঃস্ফূর্ত উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

তবে তারা দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন