

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষীপুরের কমলনগর থেকে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ইউসুফ (৪৫) অবশেষে পরিবারের কাছে ফিরে গেছেন মতলব উত্তর থানা পুলিশের তৎপরতায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও সাংবাদিকদের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, ইউসুফের বাড়ি কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তার পিতা নুর ইসলাম। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক প্রতিবন্ধী এবং দিনে মাত্র এক-দু’বার কথা বলেন। গত ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজার দিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও পরিবার তার সন্ধান পায়নি।
এদিকে অজান্তেই তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন এলাকায় এসে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঘোরাঘুরি করেন। ২৫ ফেব্রুয়ারি দুপুরে ছোট হলদিয়া গ্রামে স্থানীয় লোকজন তাকে অটোরিকশা চুরির সন্দেহে আটক করে মারধর করে। খবর পেয়ে মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল ঘটনাস্থলে এসআই শাহাদাত হোসেনকে পাঠান।
এসআই শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে ইউসুফকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। কথা বলতে না পারায় তার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চান। সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য প্রচার করলে অবশেষে পরিচয় মেলে ইউসুফের এবং পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউসুফের ফুফাতো ভাই হুমায়ন কবির থানায় এসে পরিচয় নিশ্চিত করেন।
ফুফাতো ভাই হুমায়ন কবির বলেন, আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। পুলিশ ও সাংবাদিকদের জন্যই তাকে জীবিত ফিরে পেলাম। তাদের প্রতি পরিবার থেকে কৃতজ্ঞতা জানাই।
এসআই শাহাদাত হোসেন বলেন, লোকটি কথা বলতে পারছিল না, তাই তার পরিচয় জানা যাচ্ছিল না। পরে গণমাধ্যমের সহযোগিতায় বিষয়টি প্রচার হলে পরিবার খুঁজে পাওয়া সম্ভব হয়। একজন অসহায় মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।
মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানবিক দিকটিও সমান গুরুত্বপূর্ণ। আমাদের টিম দ্রুত পদক্ষেপ নেওয়ায় একজন নিখোঁজ ব্যক্তি পরিবারের কাছে ফিরতে পেরেছেন।
পরিশেষে, ইউসুফকে সুস্থ অবস্থায় স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।
মন্তব্য করুন
