

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়া ও ঢাকার মধ্যে চলাচলকারী ‘শাহ্ ফতেহ আলী পরিবহন’ এবং ‘একতা পরিবহন’-এর মালিকপক্ষের দ্বন্দ্বের জেরে দুই পরিবহনের বাস কাউন্টার বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও শ্রমিকরা।
গত ৭ মে মহাখালীতে ‘শাহ্ ফতেহ আলী পরিবহন’-এর প্রধান কাউন্টারটি বন্ধ করে দেয় ‘একতা পরিবহন’ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গত ১ জুলাই বগুড়ায় সংবাদ সম্মেলন করে শাহ্ ফতেহ আলী পরিবহনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল।
আলটিমেটামের সময় পার হলেও ঢাকার কাউন্টারটি খুলে দেওয়া হয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে বগুড়ার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় ‘একতা পরিবহন’-এর কাউন্টার বন্ধ করে দেন শাহ্ ফতেহ আলী পরিবহনের শ্রমিকরা।
শ্রমিকদের স্পষ্ট কথা- ঢাকায় শাহ্ ফতেহ আলীর কাউন্টার না খোলা পর্যন্ত বগুড়ায় একতা পরিবহনের কাউন্টারও খুলতে দেওয়া হবে না।
চালক ও শ্রমিকদের অভিযোগ, ঢাকার কাউন্টার বন্ধ থাকায় গত দুই মাস ধরে তারা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে আছেন। তাদের দাবি দ্রুত না মানা হলে মহাখালী থেকে উত্তরবঙ্গে আসা সব গাড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শ্রমিকেরা জানিয়েছেন, মালিক সমিতি বা ইউনিয়ন নেতারা তাদের আগামী ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বললেও, তারা আর এক ঘণ্টাও সময় দিতে রাজি নন।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান জানিয়েছেন, এটি মূলত দুই পরিবহনের মালিকপক্ষের দীর্ঘদিনের বিরোধ। তবে এর মাশুল গুনছেন সাধারণ শ্রমিক ও যাত্রীরা। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, আগামী ৭ তারিখে চূড়ান্ত সিদ্ধান্তের কথা থাকলেও শ্রমিকেরা তা মানছেন না। তারা তাৎক্ষণিক সমাধান চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

