সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:০০ পিএম
ভোলায় ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন
expand
ভোলায় ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে সারা দেশের মতো দ্বীপজেলা ভোলাতেও বইছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে স্বাগত জানাতে এবং নিজেদের শক্ত অবস্থান জানান দিতে নানা রকম সাজে সজ্জিত হচ্ছেন বিভিন্ন দলের সমর্থকরা। এরই ধারাবাহিকতায় আজ ১ জুন, সোমবার ভোলা সদর উপজেলার সরকারি স্কুল মাঠে ব্রাজিল দলের সমর্থকরা এক বিশাল শোডাউন ও আনন্দ উচ্ছ্বাসের আয়োজন করেন।

সোমবার বিকেলে সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে ভোলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রাজিলের হাজার হাজার সমর্থক প্রিয় দলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি পরে এবং বিশালাকার পতাকা হাতে নিয়ে জড়ো হন। এ সময় পুরো মাঠ ‘ব্রাজিল ব্রাজিল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলকে স্বাগত জানাতে ভক্তরা বিভিন্ন রকমের সাজে সজ্জিত হয়ে তাদের আনন্দ ও অভিব্যক্তি প্রকাশ করেন।

শোডাউনে অংশ নিয়ে ব্রাজিল দলের সমর্থক ও ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তরিকুল ইসলাম কায়েদ বলেন, "ফুটবল বিশ্বকাপ হচ্ছে বিশ্বজুড়ে কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। আর তার মধ্যে ব্রাজিল দল হচ্ছে মানুষের ভালোবাসার অন্য নাম। ব্রাজিল সবসময় সুন্দর ও নান্দনিক খেলায় বিশ্বাসী, যা সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে। ব্রাজিল এমন একটি দল যেখানে প্রতিভার মূল্যায়ন করা হয় এবং ১৮ বছরের নিচের তরুণ খেলোয়াড়েরাও দেশের হয়ে খেলার সুযোগ পায়।" তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, "ব্রাজিল দল অতীতেও যেমন বিশ্ববাসীকে মুগ্ধ করেছে, এবারের ২০২৬ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের মন জয় করবে।"

সমাবেশে উপস্থিত অন্যান্য ভক্ত ও সমর্থকরাও দল নিয়ে তাদের নানারকম আশাবাদ ও অনুভূতি ব্যক্ত করেন। সকলের মুখে ছিল প্রিয় দল ব্রাজিলকে নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ (হেক্সা) জয়ের স্বপ্ন।

পরবর্তীতে সরকারি স্কুল মাঠ থেকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র সহকারে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা ও শোডাউন বের করা হয়। শোডাউনটি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে পুনরায় সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়। বিশ্বকাপের বাকি আরও কিছুদিন থাকলেও ভোলার ব্রাজিল সমর্থকদের এই উদ্দীপনা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন