সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ির জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:১৬ এএম
ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
expand
ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোল্লারহাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মনির হোসেন পেদা ও এনামুল শিকদারকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন