বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ধানের শীষে ভোট চাইতে গিয়ে যুবদল নেতা আটক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
আটককৃত নুরু মৃধা
expand
আটককৃত নুরু মৃধা

বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় একটি ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্যকে (মেম্বার) নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মুলাদীর উত্তর কাজীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সূত্রে জানা গেছে, উত্তর কাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নুরু মৃধা ভোটারদের কাছে গিয়ে জোরপূর্বক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাঁপ প্রয়োগ করছিলেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন।

অভিযোগ পাওয়ার পরপরই দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। ৪১ বীর ইউনিটের টহল কমান্ডার কর্পোরাল আজগরের নেতৃত্বে সেনাসদস্যরা দ্রুত ব্যবস্থা নিতে অভিযুক্ত নুরু মৃধাকে ঘটনাস্থল থেকেই আটক করেন

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটকেন্দ্রের পরিবেশ দ্রুত স্বাভাবিক হয়ে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।

মুলাদী আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. তৌফিকুল রহমান পিএসসি জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন