বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাস চাপায় পথচারী নিহত 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
বাসের চাপায় পথচারী গ্রামীণ ব্যাংকের কর্মচারী নিহত
expand
বাসের চাপায় পথচারী গ্রামীণ ব্যাংকের কর্মচারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় পথচারী গ্রামীণ ব্যাংকের কর্মচারী নিহত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝারা উপজেলার রামান্দী গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে এবং উজিরপুর গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিপন বিশ্বাস মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া সাকুরা পরিবহনের বাস (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ব ১৪-৬১০৫) দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসের ধাক্কায় রিপন বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর উজিরপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে, আর হেলপার আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X