

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল-৩ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ১০ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক কর্মী ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহত কর্মীর নাম জুনায়েদ (২০)। বর্তমানে তিনি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, ইটের আঘাতে তার মাথায় গভীর ক্ষত হয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার (২৫ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নির্বাচনী স্টিকার লাগানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং জুনায়েদের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। আহত জুনায়েদের অভিযোগ, সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় অংশ নেয় মো. স্বাধীব ও মো. রনি নামের আপন দুই ভাই, যারা স্থানীয় সাইফুল চৌকিদারের সন্তান।
এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ থানায় আসেননি। বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সাধারণ সম্পাদক জিএম রাব্বি জানান, আহত কর্মীর চিকিৎসা চলছে এবং দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে আহত কর্মীর বক্তব্য প্রকাশ করে অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে ভয়ভীতি ও হামলার পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনকে অবহিত করা হলেও এখনো দোষীদের গ্রেপ্তার করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগেও গত ২৩ জানুয়ারি মুলাদী উপজেলায় ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং এর প্রতিবাদে ২৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিরূপ পরিস্থিতির অভিযোগ তুলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দিয়েছে। বিশেষ করে বরিশাল-৩ আসনে তাদের প্রার্থী চরম প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ছেন বলে অভিযোগ করা হয়।
মন্তব্য করুন
