শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ এএম
হামলা-ভাঙচুর চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয় উত্তেজিত জনতা
expand
হামলা-ভাঙচুর চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেয় উত্তেজিত জনতা

বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার মধ্যবর্তী আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত রামারপোল–নাজিরপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে উত্তেজিত স্থানীয়রা।

শনিবার (৬ ডিসেম্বর) মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচিরচর–সাহেবেরচর দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সেতুটি উদ্বোধন করার কথা ছিল।

কিন্তু উদ্বোধনের আগেই কয়েকজন স্থানীয় বাসিন্দা অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

স্থানীয়দের দাবি, আড়িয়াল খাঁ নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৬১৯ মিটার দীর্ঘ ‘সৌহার্দ্য সেতু’ নির্মাণ কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।

এর মধ্যেই তড়িঘড়ি করে সেতুটির নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ নামকরণ করে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়- যা স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।

তারা আরও জানান, সেতুটি নির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এমদাদুল হক মজনু।

অথচ উদ্বোধনী অনুষ্ঠানে তাকেও আমন্ত্রণ জানানো হয়নি। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বাড়ে এবং শেষ পর্যন্ত তারা হামলা চালিয়ে ভাঙচুর করেন।

স্থানীয় বাসিন্দা বেল্লাল বেপারী বলেন, “এলাকার কাউকে দাওয়াত না দিয়ে হঠাৎ করে সেতুর নাম পরিবর্তন করে উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি।

তারপরও তড়িঘড়ি করে উদ্বোধনের বিষয়টি রহস্যজনক।” পরে শত শত লোক জড়ো হয়ে প্যান্ডেলসহ চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, “বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের কারণে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন