বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
expand
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে কয়েক হাজার এলাকাবাসী পদুয়ার বাজার এলাকায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরেন।

একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা। পরে অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।

স্থানীয়দের অভিযোগ, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং গ্রামবাসীর চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করা হলেও কার্যকর সমাধান না পাওয়ায় তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা মীর হোসেন বলেন, তাঁদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে দখলে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তা ব্যবহারেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে চাই। বছরের পর বছর ধরে সমস্যার সমাধান না হওয়ায় জনগণের ক্ষোভ বাড়ছে।

স্থানীয় বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, এই জমির মালিকানা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে। তারপরও নানা জটিলতায় আমরা নিজেদের জমির ওপর পূর্ণ অধিকার ভোগ করতে পারছি না। দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন।

‘নিজ ঘরে পরবাসী’ ‘সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, ১৩ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। নিজেদের ভূমিতে থেকেও তারা নানা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছে। আমরা এই সমস্যার স্থায়ী নিষ্পত্তি চাই।’

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

মানববন্ধনে জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার বাসিন্দা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন