সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

 কৃষকের হাঁস লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:১২ পিএম
কৃষকের হাঁস লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
expand
কৃষকের হাঁস লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে এক কৃষকের ১৮০টি হাঁস লুটের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে, বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযুক্ত মো. সুপন আহমেদ শেখ বাউসী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। মানববন্ধনে বক্তারা তাঁর বিরুদ্ধে কৃষকের হাঁস নিয়ে যাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ভুক্তভোগী কৃষক সুরুজ আলী বলেন, হাঁস পালন করেই আমার সংসার চলে। আমার খামারের ১৮০টি হাঁস জোরপূর্বক নিয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মানববন্ধনে অংশ নিয়ে পার্শ্ববর্তী আসমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম বলেন, সুপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অন্যের গরু ও জমি দখলের নানা অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। এবার কৃষক সুরুজ আলীর প্রায় ১ লাখ টাকার হাঁস লুট করে নিয়ে গেছে। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ মে দুপুরে সুরুজ আলী তার খামারের ১৮০টি ডিমপাড়া হাঁস খাবার খাওয়ানোর জন্য স্থানীয় শাহজাহান মিয়ার ফসলবিহীন পতিত জমিতে নিয়ে যান। এ সময় সুপন আহমেদ শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে হাঁসগুলো নিয়ে যান বলে সুরুজ আলী বারহাট্টা থানায় লিখিত অভিযোগ করেছেন।

বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান, আমি যতটুকু জানি সুপন দীর্ঘদিন যাবত অসুস্থ। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন