সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়সহ বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
ভিডিও থেকে নেওয়া ছবি।
expand
ভিডিও থেকে নেওয়া ছবি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী এলাকায় স্থানীয় আধিপত্য ও পূর্ববিরোধের দ্বন্দ্বের জেরে ওয়ার্ড বিএনপির কার্যালয়সহ স্থানীয় নেতা-কর্মীদের অন্তত ১০টি বাড়িঘরে কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর-বলাকি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ও একাধিক মামলার আসামি নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও মাহফুজ প্রধানের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরে তারা এলাকায় ফিরে এলে, যুবলীগ নেতা নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুট-পাটের পাশাপাশি, ইউনিয়নটির টানবলাকীর ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম বলেন, এটি কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নয়। স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন