সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নেও বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
ড. জিয়াউদ্দিন হায়দার
expand
ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নেও বিশ্বাস করে। ইতোমধ্যে দলটি বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (১ জুন) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা কৃষক দলের সভাপতি তকদীর হোসেন, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন