শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে জমি নিয়ে বিরোধ, ভাতিজাদের হাতে চাচা খুন

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:২৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় গাছ কাটা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজী ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাজী সিরাজুল ইসলাম (৬২)। তিনি মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন। আহত হয়েছেন মো. কাজী মাসুদ রানা (৩৬), যিনি সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চর চাঁদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি ও গাছ কাটা নিয়ে কাজী পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন পূর্ব বিরোধের জেরে কাজী সুমন (৪২) ও কাজী তুষার (৩৮) ধারালো অস্ত্র নিয়ে কাজী মাসুদ রানা ও কাজী সিরাজুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে দুজনই গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাজী সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাসুদ রানার চিকিৎসা চলছে।

সংবাদ পেয়ে পুলিশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি এখনো পরিবারের তরফ থেকে কেউ আমাদের কাছে আসেনি। যতদূর জানতে পেরেছি মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন