

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে একটি সি-ট্রাক। প্রায় এক ঘণ্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই শেষে অল্পের জন্য তীরে ফিরতে সক্ষম হন যাত্রীরা। পরে ঘাটে নেমে অনেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ আবেগে কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়ো বৃষ্টি। এর প্রভাবে মেঘনা নদীতে সৃষ্টি হয় বড় বড় ঢেউ।
এ সময় মজু চৌধুরীর ঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সি-ট্রাক ‘সাঙ্গু’ ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। সি-ট্রাকটি ঘাটের কাছাকাছি পৌঁছালেও প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কারণে পন্টুনে ভিড়তে পারেনি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সি-ট্রাকটি মাঝ নদীর একটি বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ঝড় ও ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয় নৌযানটিকে। এ সময় ঢেউয়ের পানিতে সি-ট্রাকের ভেতরে থাকা যাত্রীরা ভিজে যান এবং ছড়িয়ে পড়ে আতঙ্ক। দীর্ঘ সময় উৎকণ্ঠার মধ্যে কাটান তারা। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সি-ট্রাকটি ইলিশা ঘাটের পন্টুনে ভিড়ে। নিরাপদে তীরে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে কান্নাজড়িত কণ্ঠে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
