

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষিজমি থেকে শুরু করে পুকুর, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়—সবকিছুকেই উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার।
সোমবার (২৫ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ–এর জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টির চাহিদা পূরণে কৃষি ও মৎস্য খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই দেশের অব্যবহৃত সম্পদগুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়গুলোও এখন উৎপাদনের অংশ হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় কলেজটির পুকুরে হালদা নদী–এর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব মাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাছ চাষ ও পুষ্টি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান তৈরি করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এতে তরুণদের মধ্যে আত্মনির্ভরশীলতার মানসিকতা গড়ে উঠবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। উন্মুক্ত জলাশয়ে ব্যাপকভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি সরকারি হ্যাচারিগুলো আধুনিকায়নের কাজ চলছে। উন্নতমানের কার্পজাতীয় পোনা উৎপাদনের মাধ্যমে দেশীয় মাছের প্রাপ্যতা আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
তিনি আরও জানান, কৃষক ও মাছচাষিদের উৎপাদন ব্যয় কমাতে সরকার কৃষিযন্ত্র, হারভেস্টার ও প্লান্টিং মেশিন বিনামূল্যে বিতরণ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর–এর মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ–এর অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।