মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:৩২ পিএম
expand
চকরিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে গভীর রাতে সংঘবদ্ধ এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের মাঝেরপাড়া (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর আবু তাহের সিকদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা প্রথমে বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সদস্য কামরুল সিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

এসময় ডাকাত দল কামরুল সিকদারের স্ত্রী ও মাকে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। ডাকাতরা আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী কামরুল সিকদার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে।

এদিকে, লক্ষ্যারচর এলাকায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অলিগলিতে মাদক ব্যবসা ও সেবন বৃদ্ধি পাওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।

এর আগে, মহাসড়কস্থ এলাকায় দুই নারী যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া বানিয়ারকুম এলাকায় বিএনপি নেতাসহ কয়েকজন পথচারীকেও দীর্ঘ সময় জিম্মি করে ডাকাতির শিকার হতে হয়েছে বলে জানা গেছে।

এসব ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী এলাকাবাসী। একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত টহল জোরদারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন