সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা, নারীসহ আটক ৩

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:১৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যশোর শহরতলীর কামালপুর (সতীঘাটা) এলাকায় বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আহত দুই কর্মচারী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান খাঁন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইনম্যান গ্রেড-১ অরিন্দম মন্ডল ও লাইনম্যান গ্রেড-২ জিতু সরকারি দায়িত্ব পালনকালে বকেয়া তিন মাসের বিদ্যুৎ বিল আদায়ের অংশ হিসেবে কামালপুর এলাকার গ্রাহক আব্দুস সালামের বাড়িতে যান। বিল পরিশোধ না করায় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় গ্রাহক আব্দুস সালাম, তার স্ত্রী, মেয়ে ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে দুই কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, মামুন নামে এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে অরিন্দম মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে তার পিঠ, বাহু ও আঙুলে গুরুতর কাটা জখম হয়। অপরদিকে আব্দুস সালাম লোহার রড দিয়ে জিতু টিকাদারকে মারধর করলে তার পায়ে গুরুতর আঘাত লাগে।

হামলার পর আহত দুই কর্মচারীকে একটি ঘরে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং জাহানারা খাতুন, শারমিন খাতুন ও সুমি সওদাগারকে আটক করে। তবে মামলার অপর আসামিরা পালিয়ে যান।

পরে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসুম খান জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন