শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ভারতীয় জিরা জব্দ 

মাধবপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:৩৪ পিএম
মাধবপুরে ১কোটি ৩৪ লক্ষ টাকার ভারতীয় জিরা জব্দ
expand
মাধবপুরে ১কোটি ৩৪ লক্ষ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ৩৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। শনিবার (৯ মে) রাত পৌনে ৮টায় এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চৌকস আভিযানিক দল গত শুক্রবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। সকাল আনুমানিক ৭টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকের ভিতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। কাভার্ড ভ্যানের বস্তার ভিতরেও সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। উভয় যানবাহনেই পণ্য পরিবহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সবগুলো জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, চোরাকারবারীরা আমদানি কাগজপত্র জালিয়াতি করে অবৈধ পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান সম্পূর্ণরূপে দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন