বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:৩৬ পিএম
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা।
expand
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা।

ভোলার কোস্ট গার্ডের বিরুদ্ধে ‘আটক বাণিজ্য’ ও নানা অনিয়মের প্রতিবাদে এবং বিএনপি নেতা জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।

বুধবার (৬ মে) দুপুরে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার রাতে ঢাকাগামী লঞ্চ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা জাকির ফরাজীকে আটক করে কোস্ট গার্ড। স্থানীয়দের দাবি, কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই তাকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভোলার কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে ‘আটক বাণিজ্য’ চালিয়ে আসছে। এর আগে ভোলা সদরের এক স্কুল প্রধান শিক্ষককে অস্ত্রসহ আটকের নাটক সাজানো এবং লালমোহনে জেলেদের নৌকা টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, উত্তেজিত জনতা মহাসড়কের ওপর টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। এর ফলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ জনতা জানায়, যতক্ষণ পর্যন্ত জাকির ফরাজীর মুক্তি এবং কোস্ট গার্ডের এই হয়রানি বন্ধ না হবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভোলা জেলা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন