মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বর থেকে হাতকড়াসহ দুই আসামির পলায়ন, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:১৯ পিএম
আদালত চত্বর থেকে হাতকড়াসহ দুই আসামির পলায়ন
expand
আদালত চত্বর থেকে হাতকড়াসহ দুই আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামিরা হলেন বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)। পরে শহরের নয়নপুরের হাসিনাবাগ এলাকা থেকে সজল মিয়াকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করার জন্য বাঞ্ছারামপুর থানার দুই কনস্টেবল একটি গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসেন।

বিকেল সোয়া তিনটার দিকে আদালত চত্বরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামানোর সময় দুই আসামি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়। এ সময় তাদের মধ্যে একজন নদীর পাড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে হাসিনাবাগ এলাকা থেকে সজল মিয়াকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অন্য আসামি শাহীন মিয়া পানিতে ঝাঁপ দিয়ে কুরুলিয়া খাল পাড় হয়ে পালিয়ে যান।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে নেওয়ার সময় তারা পালিয়ে যায়। তবে একজনকে আটক করা হয়েছে এবং অপরজনকে ধরতে অভিযান চলছে।

কোর্ট ইন্সপেক্টর মো. হাবিবুল্লাহ সরকার জানান, আদালতে সোপর্দ করার আগেই গেটের সামনে গাড়ি থেকে নামানোর সময় আসামিরা পালিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন