

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) উপজেলায় পানিতে ডুবে এক শিশু এবং বিষপানে এক বৃদ্ধের মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী বাজার সংলগ্ন বাসন্তী গ্রামে তিন বছরের শিশু হাবিবুর রহমান পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের ফরিদের ছেলে। হাবিবুর তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে গিয়েছিল। মা যখন ভুট্টা তোলার কাজে ব্যস্ত ছিলেন, তখন খেলাধুলার একপর্যায়ে সে পাশের একটি নালায় পড়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিষপানে মারা গেছেন দবিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হাজিপুর ইউনিয়নের মালগাঁও গ্রামের মৃত ইমাম উদ্দীনের ছেলে। স্বজনদের বরাতে পুলিশ জানায়, দবিরুল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রোগের অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে তিনি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা শুরু করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর দবিরুল ইসলাম নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, পৃথক এই দুটি ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন