

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আল-আমিন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকালে আজাদ ফিলিং স্টেশনের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আল-আমিন রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শহরের চৌয়ালা এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিনের ছোট বোনকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন নাঈম নামের এক বখাটে যুবক। বিষয়টি নিয়ে সম্প্রতি স্থানীয়দের সহযোগিতায় আল-আমিন নাঈমের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান।
তবে এই সমঝোতা মেনে নিতে পারেননি আল-আমিনের ছোট ভাই হাসান মিয়া। এ নিয়ে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে মোবাইল ফোনে তীব্র বাকবিতণ্ডা হয়।
এর জেরে শনিবার সকালে হাসান চৌয়ালা এলাকায় গিয়ে বড় ভাই আল-আমিনের সঙ্গে আবারও তর্কে জড়ান। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হবে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্ত হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার নেপথ্যে থাকা নাঈমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন