

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার হেক্টর জমির কাঁচা-পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা ও আহাজারির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনে গিয়ে দেখা যায়, চারদিকে শুধু পানি আর পানি। সেই পানির নিচে ডুবে গেছে কৃষকের স্বপ্নের ফসল। অনেক নিম্নাঞ্চলের বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে, ফলে জনজীবনেও দুর্ভোগ নেমে এসেছে।
জানা গেছে, ধান কাটা শুরু করার পরপরই কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার ১৫টি ইউনিয়নের ভাটি অঞ্চলের প্রায় সব হাওর প্লাবিত হয়েছে। বিশেষ করে সুজাতপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে হুহু করে পানি ঢুকে ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। অনেক কৃষক নৌকা দিয়ে পানির নিচে থাকা জমি থেকে ধান সংগ্রহের চেষ্টা করছেন।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ শতকোটি টাকার কাছাকাছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
ক্ষতিগ্রস্ত কৃষক মকসুদ মিয়া বলেন, “ঋণ করে জমি আবাদ করেছিলাম, সবই পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের কী হবে?” একই ধরনের হতাশা প্রকাশ করেছেন কৃষক আব্দুল আওয়াল মিয়া ও অপু মিয়াসহ অনেকেই। তারা জানান, ভালো ফলনের আশা করলেও পানিতে সব স্বপ্ন ভেসে গেছে।
স্থানীয়রা জানান, শুধু ফসলই নয়, নিম্নাঞ্চলের অসংখ্য বাড়িঘরেও পানি প্রবেশ করেছে। শিলাবৃষ্টিতেও অনেক জমির ক্ষতি হয়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা প্রদানের দাবি জানান।
এদিকে এলাকার দুরবস্থার কথা উল্লেখ করে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। তবে চলমান প্রাকৃতিক দুর্যোগে সেই সোনালী ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের একটাই দাবি—দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।
মন্তব্য করুন