

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকার একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত তাসনিয়া কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
পরিবারের অভিযোগ, ভাঙা হাতের অপারেশনের জন্য বিকেল ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় অপারেশনের সময় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালটিতে ঘেরাও করে ভাঙচুর চালায় এবং অভিযুক্ত দুই চিকিৎসককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত দুই চিকিৎসককে থানায় নেওয়া হয় এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয়দের অভিযোগ, ওই হাসপাতালে আগেও এমন ঘটনার নজির রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন