

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়ালকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দলীয় প্যাডে উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান ও সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
আবদুল আওয়ালের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে দাবি করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে কসবা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উল্লেখ করেন, বিএনপি নেতা আব্দুল আউয়ালের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং আনিত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ তাকে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, আবদুল আওয়াল শিমরাইল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপি সভাপতি।
আবদুল আওয়াল কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার । তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মিথ্যা মামলা ও হয়রানি থেকে রেহাইসহ তার মুক্তি কামনা করছি।
উল্লেখ্য, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে দ্বীন ইসলাম (৩৫) নামে কন্টেন্ট ক্রিয়টরকে সংঘবদ্ধ লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার বাঙরা থানাধীন সীমানায় ফেলে রাখে।
পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঙরা থানার অধীনস্থ সিদ্ধিরগঞ্জ পুলিশ ফাঁড়ির সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন ২৫ মার্চ নিহতের পিতা সফিকুল ইসলাম বাদি হয়ে বিএনপি নেতা আবদুল আওয়ালকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।
২৫ এপ্রিল রাতে র্যাব-৯ ও র্যাব-১ সমন্বিত অভিযান পরিচালনা করে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
রোববার তাকে পুলিশে সোপর্দ করলে ওইদিন দুপুরেই কসবা থানা পুলিশ আবদুল আওয়ালকে আদালতে পাঠায়। আদালত আবদুল আওয়ালকে জেল হাজতে প্রেরণ করেন।
মন্তব্য করুন