বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে ফ্যান সংকট, গরমে অসুস্থ ২ পরীক্ষার্থী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় তীব্র গরমের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। বিশেষ করে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষে ফ্যান না থাকা বা নষ্ট হয়ে যাওয়ায় পরীক্ষার পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে।

পরীক্ষা চলাকালীন অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে দুই শিক্ষার্থী-চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সানজিদা ও সামিয়া।

প্রত্যক্ষদর্শী ও কেন্দ্র সূত্রে জানা গেছে, চরফ্যাশন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ ২ রুমে কোন ফ্যান পাওয়া যায়নি। একই কেন্দ্রের ভবনের বড় বড় কক্ষে মাত্র ১-২টি ফ্যান সচল থাকায় বাতাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং গরমে শিক্ষার্থীরা মারাত্মক কষ্টের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়। অনেক কক্ষের ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা মেরামতের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় চরফ্যাশন উপজেলার ১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,৩১৫ জন। এর মধ্যে আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫,০৮৩ জন এবং অনুপস্থিত ছিল মোট ২৩২ জন শিক্ষার্থী। কেন্দ্রভিত্তিক হিসেবে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১,১০৭ জনের মধ্যে উপস্থিত ১,০৯২ ও অনুপস্থিত ১৫ জন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৭ জনের মধ্যে উপস্থিত ৪০৫ ও অনুপস্থিত ১২ জন, দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭৪ জনের মধ্যে উপস্থিত ৫৫৯ ও অনুপস্থিত ১৫ জন, চরফ্যাশন কারামাতিয়া কামিল এম.এ মাদ্রাসায় ৫৮৭ জনের মধ্যে উপস্থিত ৫৫৫ ও অনুপস্থিত ৩২ জন এবং উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসা ভোকেশনাল কেন্দ্রে ১১৫ জনের মধ্যে উপস্থিত ১০৯ ও অনুপস্থিত ৬ জন। সব মিলিয়ে উপজেলায় ২৩২ জন শিক্ষার্থীর অনুপস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা, বিশেষ করে দাখিল পর্যায়ে অনুপস্থিতির হার তুলনামূলক বেশি।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, আমরা বিষয়টির দ্রুত সময়ের ভেতরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিভাবক ও সচেতন মহলের প্রশ্ন, শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় এমন অস্বস্তিকর পরিবেশের দায়ভার কে নেবে এবং দ্রুত নষ্ট ফ্যান মেরামত ও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন