

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুরের পীরগঞ্জে খালাশপীর ফিলিং স্টেশনকে ঘিরে তেল সরবরাহে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে।
সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষায় রেখে আড়ালে ড্রাম ও জারকিনে তেল বিক্রির অভিযোগ রয়েছে। এ অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে খালাশপীর ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে দুই থেকে তিনশ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে আটকে পড়ে।
লাইনে থাকা সাধারণ গ্রাহকদের উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে ২০ থেকে ৩০ লিটার করে তেল জারকিন ও ড্রামে সরবরাহ করা হয়, যা সরকারি নীতিমালার পরিপন্থী।
এ সময় অনিয়মের চিত্র ধারণ করতে গেলে স্থানীয় অনলাইন ডিআরবি নিউজ ও দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা তানভীর আহমেদের ওপর সংঘবদ্ধ চক্র হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে ঘিরে ধরে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
ঘটনার দুই দিন পর শনিবার (১৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালাশপীর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলছে, প্রশাসনের সামনে এ ধরনের অনিয়ম ও সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন