

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জুনিয়র অফিসারকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী মাদলা এলাকায় পাহাড়ের মাটি কাটার ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মাটি কাটায় ব্যবহৃত প্রতিষ্ঠানের ৫টি ট্রাক্টর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী মাদলা গ্রামে পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি অবৈধভাবে পাহাড়ের মাটি কাটছিল। বিষয়টি সরেজমিনে তদন্ত করে সত্যতা পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তর। পরে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মো. ফারুক হোসেনকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মচারী আবদুল লতিফ ও উসমান গণিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মাটি কাটায় ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসানকে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ ধরনের অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো পরিবেশবিধ্বংসী কার্যক্রম সহ্য করা হবে না।
অপরদিকে একই দিনে উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমিতে মাটি ভরাট করে পাশের জমিগুলোকে হুমকির মুখে ফেলায় নোয়াপাড়া গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে মো. হাসান সরকারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন