শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক, অপহৃত দুই জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
expand
বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক, অপহৃত দুই জেলে উদ্ধার

সুন্দরবনে দস্যু দমনে চলছে কোস্টগার্ডের বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শীল্ড। এর অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত ২ জেলেকে ১টি মাছ ধরার নৌকাসহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

শুক্রবার (১৭ এপ্রিল)বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌফিক‘র নির্বাহী কর্মকর্তা লেঃ আশিকুল ইসলাম ইমন।

তিনি বলেন, গেল বুধবার (১৫ এপ্রিল) মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খালে মাছ ধরার সময় মাছ ধরার সময় দস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয় দুই জেলে। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়। পরের দিন বৃহস্পতিবার মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ মহিদুল শেখ ও তরিকুল শেখ নামের দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সুন্দরবনের হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুল (৩৫)কে আটক করা হয়।

আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেঃ আশিকুল ইসলাম ইমন।

উদ্ধার জেলে মহিদুল শেখ (৩৫)ও তরিকুল শেখ (২৫) দুই ভাই। তারা মোংলা উপজেলার বড়ইতলা এলাকার আকাব্বার শেখের ছেলে। আটক দস্যু তরিকুল (৩৫) খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা গ্রামের মুসা মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন সুন্দরবনে দস্যুতার সাথে জড়িত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন