শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে মেশিন চুরি: পুলিশের অভিযানে উদ্ধার, আটক ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কৃষকের জমি থেকে শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। পরে পুলিশের অভিযানে চুরি হওয়া মেশিন উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের এক কৃষক তার নিজস্ব জমিতে সেচ কাজের জন্য একটি শ্যালো মেশিন স্থাপন করে রেখেছিলেন, গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি সেচ কাজ শেষে মেশিনটি তালাবদ্ধ রেখে বাড়িতে চলে যান। পরদিন সকালে পুনরায় সেচ দিতে গিয়ে দেখেন, মেশিনটি সেখানে নেই।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক স্থানীয়দের বিষয়টি জানান এবং খোঁজাখুঁজি শুরু করেন। পরে রায়গঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি একটি অটোচার্জার ভ্যানে শ্যালো মেশিন নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি শ্যালো মেশিনসহ দুইজন কে আটক করে। এ সময় চুরির সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চুরি হওয়া শ্যালো মেশিন উদ্ধার করতে সক্ষম হয় এবং এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটক ব্যক্তিরা প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত শ্যালো মেশিনটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী কৃষক দ্রুত মেশিন উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন