সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন তুললেন সুফিয়া হোসেন 

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ এএম
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুফিয়া হোসেন
expand
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুফিয়া হোসেন

রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন।

রোববার (১২ এপ্রিল) তিনি দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও সমর্থন জানান।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সুফিয়া হোসেন বলেন, তিনি তার প্রয়াত স্বামীর আদর্শকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চান।

তার বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আজীবন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। দলের দুঃসময়ে তিনি রংপুর বিএনপিকে সুসংগঠিত রেখে নেতৃত্ব দিয়েছেন। আমি তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এক জনসভায় সুফিয়া হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর একটি দলীয় অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুফিয়া হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ রংপুর বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে নারী নেতৃত্বের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন