রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোস্তাফিজুর রহমান (২২) নামে এক তরুণ শ্রমিক।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে (হোমনাবাদ কলেজের পাশে) এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজ নীলফামারীর ডিমলা উপজেলার কাকড়া বাজার এলাকার বাসিন্দা ও সাইদুর রহমানের ছেলে। পরিবারের আর্থিক সংকট কাটাতে অল্প কিছুদিন আগে কাজের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন তিনি। স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে নাঙ্গলকোটে একটি ছয়তলা ভবনের নির্মাণকাজে যুক্ত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে ভবনের ছাদে উঠে ষষ্ঠ তলার সেন্টারিং খোলার কাজ করছিলেন মোস্তাফিজ। এ সময় হঠাৎ পা পিছলে পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়েছিল।

এ বিষয়ে মোস্তাফিজের মামা মনিরুজ্জামান বলেন, নিরাপত্তা বেল্ট বা অন্য কোনো ব্যবস্থা ছিল না। অবহেলার কারণেই এমন মৃত্যু। ঘটনার পর সংশ্লিষ্ট ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন স্বজনরা।

অন্যদিকে, ভবনের মালিকপক্ষ জানিয়েছে, নির্মাণকাজ ঠিকাদারের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং কাজের তদারকির দায়িত্বও তাঁর ওপর ছিল।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন