

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিম সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নদীতে ভাসমান অবস্থায় চার মৌয়ালকে উদ্ধার করেছে বন বিভাগ। তবে এখনো চারজন নিখোঁজ রয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে নদীতে ভাসতে ভাসতে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত মৌয়ালরা হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী।
নিখোঁজ রয়েছেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।
বন বিভাগ জানায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণকালে মৌয়ালদের বহনকারী নৌকাটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে হুলদিবুনিয়া এলাকা থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, পহেলা এপ্রিল থেকে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করছেন। দুর্ঘটনার পর উদ্ধারকৃতদের নিয়ে বন বিভাগের সদস্যরা উপকূলের দিকে রওনা হয়েছেন।
তিনি আরও জানান, নিখোঁজ চারজনকে উদ্ধারে দুই দিন অভিযান চালানো হলেও এখনো তাদের সন্ধান মেলেনি। বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে জানানো হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন