বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনসাধারণের উদ্দেশ্যে আইএসপিআরের সতর্কবার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে এ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিডিয়া ও সংবাদ সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়, ‌‘ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে, একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় প্রদান করে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এ ক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।’

আরও বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে অথবা অসদুপায়ে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

অনুরোধ জানিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সকলকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন