

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করে মোট আটজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নামের এক ব্যক্তি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা দেন এবং জনসমাগম ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। এ ঘটনায় ইয়ামিন শেখ, হোসেন শেখ (২৭) ও সোহেল বেপারী (২১)কে গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আসামি ধরতে গেলে কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তিনজনকে আটক করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া এলাকা থেকে সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া নিমতলা এলাকার তালুকদার ফিলিং স্টেশনে সংঘটিত চুরির ঘটনায় জাহিদ হাসান (৩৮) ও তুষার (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলায় আরও তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ও আটককৃত সকল আসামিকে সোমবার সিরাজদিখান থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মন্তব্য করুন