রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত, আটক ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ
expand
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় ২নং দাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম গৌরীপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক ৯টার দিকে গৌরীপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মো. সেলিম কিশোরদের থামাতে এগিয়ে যান।

এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে সেলিম মাটিতে লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা ধাওয়া করে মো. রাজু (১৬) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় রাজু নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" অভিযুক্ত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন