মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মজুদকৃত ৮০০ লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারে এক মুদি দোকানে অভিযান চালিয়ে এ পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসান। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পেছনে কৌশলে রাখা চারটি ড্রামের মধ্যে মজুদ করা পেট্রোল জব্দ করা হয়। মারুফা খাতুন উপজেলার বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মারুফা খাতুন অবৈধভাবে পেট্রোল মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পেট্রোলের মধ্যে তাৎক্ষণিকভাবে উপস্থিত মোটরসাইকেল চালকদের কাছে প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী মারুফা খাতুনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন