রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

নড়াইল-যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম
নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: যশোরে র‍্যাবের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত
expand
নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা: যশোরে র‍্যাবের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত

নড়াইলে ডিজেল দিতে অপরাগতা জানানোকে কেন্দ্র করে পেট্রোল পাম্পের ম্যানেজার নাহিদ সর্দারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত চালক মো. সুজ্জাত আলীকে (৫০) যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় প্রতিবাদে নড়াইল জেলার সব পেট্রোল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক সমিতি।

রোববার (২৯ মার্চ) দুপুরে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যশোরের অভয়নগর উপজেলার কিসমত মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক সুজ্জাত আলীকে আটক করা হয়। আটক সুজ্জাত নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এর আগে একই রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুরে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে ট্রাক নিয়ে ডিজেল নিতে যান সুজ্জাত। পাম্পে পর্যাপ্ত ডিজেল না থাকায় ম্যানেজার নাহিদ সর্দার (৩০) তেল দিতে অপারগতা জানান। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে সুজ্জাত তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

পরে রাত ২টার দিকে ডিউটি শেষে সহকর্মী জিহাদ মোল্যাকে (২৯) নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির ট্রাক দিয়ে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘাতক চালক। এতে ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদ মোল্যা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে, এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নড়াইল পাম্প মালিক সমিতি জেলার ১০টি পেট্রোল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। রোববার দুপুরে সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন