

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীতে ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ মার্চ ) থেকে এই তৎপরতা শুরু করেছে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়ন।
রাজশাহীতে পদ্মা, মেঘনা ও যমুনার তিনটি অয়েল ডিপো আছে। এছাড়া জেলায় ফিলিং স্টেশন রয়েছে ১২টি। এগুলোতে বিজিবির নজরদারি শুরু হয়েছে। এমনকি সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে ভারতে জ্বালানি তেল পাচার না হয়ে যায়।
রোববার বেলা ১১টায় নগরের শিরোইলে ডিপো এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, বিজিবিকে ডিপোগুলোকে নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য তিনটি ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর সার্বিক নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিত করা এর উদ্দেশ্য।
তিনি জানান, পাশাপাশি ১২টি ফিলিং স্টেশনেও নজরদারি করা হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চেয়ে জ্বালানী তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্বপরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানী তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্ট করে আসছে। এ জন্য সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
রিয়াজ শাহরিয়ার জানান, এই সংকটকালীন মূহুর্তে নজরদারির পাশাপাশি রাজশাহীর স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছে বিজিবি।
মন্তব্য করুন