রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ফিলিং স্টেশনে অভিযান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যাপক মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যাপক মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জ্বালানি তেলের অপচয় রোধ, অবৈধ মজুদদারি বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যাপক মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম। দিনব্যাপী এ অভিযানে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয় এবং তেলের মজুদ, বিক্রয় রেকর্ড ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।

অভিযানের এক পর্যায়ে ভাটিয়ারী এলাকায় অবস্থিত ‘ভাটিয়ারী ফিলিং স্টেশন’-এ তেলের মজুদ সংক্রান্ত সরকারি তথ্যের সঙ্গে বাস্তব মজুদের অসঙ্গতি ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, কর্তৃপক্ষ প্রকৃত মজুদের তথ্য গোপন করে অতিরিক্ত তেল মজুদ করে রেখেছে, যা প্রচলিত আইন ও সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোবাইল কোর্ট আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য তেল মজুদ করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

এছাড়া, মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর করতে উপজেলার প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা নির্ধারিত স্টেশনগুলো নিয়মিত পরিদর্শন করে মজুদ পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম ও নীতিমালা অনুসরণের বিষয়টি তদারকি করছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন