

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। তাই নানা চাপ থাকা সত্ত্বেও সরকার দাম বাড়ানোর পরিকল্পনা নেয়নি।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। ঈদকে সামনে রেখে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। পাশাপাশি ৯০ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করার কাজ চলছে।
সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ভাতার সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে। কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে ভাতা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানের শেষে ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন